Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫০ মিনিট আগে
  • ২৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

অগ্রহায়ণের শুরুতেই উত্তর জনপদে শীতের আগমনী বার্তা

অগ্রহায়ণের শুরুতেই উত্তর জনপদে শীতের আগমনী বার্তা

অনলাইন ডেস্ক ►
কার্তিকের শেষ আর অগ্রহায়ণের শুরুতেই শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। গত দুদিন হালকা কুয়াশা থাকলেও মঙ্গলবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তর জনপদের চারপাশ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, কয়েক হাত দূরের দৃশ্যও স্পষ্ট দেখা যাচ্ছে না। এতে কমে এসেছে সড়কে যানবাহন চলাচলের দৃষ্টিসীমা। বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার চিত্রও বদলে যাচ্ছে। সকাল ১১টার পর ধীরে ধীরে কুয়াশা কেটে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করছে। দুপুর ১২টার পর সূর্যের তাপ বাড়ায় ভারী শীতের পোশাক গায়ে রাখা কঠিন হয়ে পড়ছে। ফলে সকাল ও দুপুরের আবহাওয়ায় দেখা যাচ্ছে স্পষ্ট বৈপরীত্য।

রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, জলবায়ুগত প্রভাবে আবহাওয়ার এমন বৈরী আচরণ দেখা যাচ্ছে। সন্ধ্যার পর তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মঙ্গলবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ও রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রভাব ক্রমেই বাড়ছে।

এদিকে ঘন কুয়াশায় সড়কে চলাচলের ক্ষেত্রে চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ভোরে যানবাহন চালানোর সময় গতি নিয়ন্ত্রণ, হেডলাইট ব্যবহার এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad