Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৩-২০২৬, সময়ঃ সকাল ১০:০৮
ফটো কার্ড

অ্যাম্বুল্যান্সে তেল সংকট: ফুলছড়িতে হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ গেল আহত ব্যক্তির

অ্যাম্বুল্যান্সে তেল সংকট: ফুলছড়িতে হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ গেল আহত ব্যক্তির

 

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অ্যাম্বুল্যান্সে তেলের অভাবে এক গুরুতর আহত ব্যক্তিকে সময়মতো জেলা সদর হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এতে পথে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ঈদের দিন শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত খোকা মিয়া (৬০) উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের আছমতউল্লাহর ছেলে। তিনি স্থানীয় সাখাওয়াত মেম্বারের বড় ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন খোকা মিয়া। পরে স্থানীয় কয়েকজন যুবক দ্রুত তাঁকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।

কিন্তু হাসপাতালে থাকা সরকারি অ্যাম্বুল্যান্সে তেল না থাকায় তাৎক্ষণিকভাবে তাঁকে সদর হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এতে জরুরি চিকিৎসা পেতে বিলম্ব হয় এবং শেষ পর্যন্ত হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে টানানো ১৮ তারিখের একটি নোটিশে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে জ্বালানি সংকটের কারণে সাময়িকভাবে অ্যাম্বুল্যান্স সেবা বন্ধ রয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রুহুল আমিন বলেন, তেলের জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অয়ন মণ্ডল বলেন, গুরুতর অবস্থায় রোগীকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু অ্যাম্বুল্যান্সে তেল না থাকায় সময়মতো নেওয়া সম্ভব হয়নি।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। দ্রুত তেলের ব্যবস্থা করার চেষ্টা চলছে।
এদিকে, এ বিষয়ে জেলা সিভিল সার্জনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, জরুরি সময়ে অ্যাম্বুল্যান্স সেবা বন্ধ থাকা স্বাস্থ্য ব্যবস্থাপনার বড় ধরনের দুর্বলতার প্রমাণ। এতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত প্রাণহানির আশঙ্কা আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad