Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

ইউক্রেন যুদ্ধ বন্ধে সর্বোচ্চ চেষ্টা করব: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে সর্বোচ্চ চেষ্টা করব: ট্রাম্প

অনলাইন ডেস্ক ►

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে একটি শান্তিচুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধ বন্ধে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জি-৭ নেতাদের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠকের পর তিনি এ কথা বলেন।

মঙ্গলবার সুইজারল্যান্ড সীমান্তের কাছে ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি যা করার প্রয়োজন, তাই করব।’ তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে দুই পক্ষেরই অনেক তরুণ প্রাণ হারাচ্ছে। ট্রাম্প বলেন, ‘রাশিয়ার একটি চুক্তিতে আসা উচিত। আমি আটটি যুদ্ধের সমাধান করেছি। এটি ছিল সেই যুদ্ধ, যেটি সমাধান করা সবচেয়ে সহজ হবে বলে আমি ভেবেছিলাম।’ তবে তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এ দাবি ব্যাপকভাবে বিতর্কিত।
মঙ্গলবার সকালে জেলেনস্কি জি-৭ নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেন। জি-৭ জোটে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন। সম্মেলনের ফাঁকে তিনি ট্রাম্প ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও আলোচনা করেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, ‘ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা এবং কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য, যাতে রাশিয়া এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। শান্তি প্রয়োজন।’

তিনি জানান, জি-৭ দেশগুলোর কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পেয়েছেন। জেলেনস্কি লেখেন, ‘আরও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, সেগুলো উৎপাদনের লাইসেন্স, শীতকালীন সহায়তা প্যাকেজ এবং রাশিয়ার ওপর চাপ বাড়ানোর প্রতিশ্রুতি পেয়েছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব উদ্যোগে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘আলোচিত বিষয়গুলো বাস্তবায়ন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়াকে বুঝতে হবে, তাদের এই যুদ্ধ কখনোই স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হবে না। যারা আমাদের সহায়তা করছে, তাদের সবাইকে ধন্যবাদ।’ ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা ‘আসলে আরও সহজ হবে’ বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad