
অনলাইন ডেস্ক ►
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং এ ব্যাপারে কিছুই জানে না সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, টেলিভিশনে তিনি দেখেছেন নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি।
মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন স্বাধীন এবং নির্বাচন করার সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে। এর মধ্যে প্রস্তুতি সভা বা আইনশৃঙ্খলা কমিটির সভার পাশাপাশি বাজেটসহ বিভিন্ন বিষয়ও থাকে।
তবে নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকারও এ ব্যাপারে কিছু জানে না বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।