
অনলাইন ডেস্ক ►
ঈদ ইত্যাদিতে বিশেষ আকর্ষণ হিসেবে বরাবরই থাকে বিদেশিদের নিয়ে একটি পর্ব, যেখানে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিককে দিয়ে অভিনয় করানো হয়। এবারও তার ব্যত্যয় ঘটছে না। বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে মাথায় রেখে বানানো হয়েছে একটি নাটিকা। তাতে অভিনয় করেছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, রোমানিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রায় অর্ধশত নাগরিক।
এবারের পর্বটি সাজানো হয়েছে স্বার্থ, ব্যক্তিলোভ ও সুবিধাবাদী দ্বিমুখী স্বভাবের মানুষ নিয়ে। নাটিকায় একটি গানও আছে। মেহেদীর সংগীত পরিচালনায় এতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। নৃত্য পরিচালনায় মামুন। ইত্যাদির এ পর্ব প্রচারিত হবে ঈদের পরের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত।