
অনলাইন ডেস্ক ►
২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর অল্প কিছুদিন বাকি থাকলেও ইরানের অংশগ্রহণ নিয়ে এখনো দোলাচল কাটেনি। ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং ভেন্যু সংক্রান্ত জটিলতায় ইরানের বিশ্বকাপ ভাগ্য এখন ফিফার সিদ্ধান্তের ওপর ঝুলে আছে। এই সংকট কাটিয়ে উঠতে ফিফার সাথে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন।
সম্প্রতি কানাডায় আয়োজিত ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে ইরানি প্রতিনিধি দল টরন্টো বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের ব্যবহারের প্রতিবাদে তারা কংগ্রেস বর্জন করে দেশে ফিরে আসেন। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে তারা ফিফার সাথে সরাসরি আলোচনা করবেন।
গত ফেব্রুয়ারিতে রাজনৈতিক উত্তজনা বৃদ্ধির পর ইরান নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রে খেলতে অনীহা প্রকাশ করেছে এবং ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই দাবি নাকচ করে দিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রেই খেলার নির্দেশ দিয়েছেন। এই জটিলতা নিরসনে আগামী ২০ মে সুইজারল্যান্ডের জুরিখে ইরানের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম। এই বৈঠকেই চূড়ান্ত হতে পারে ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না।
বিশ্বকাপের সময়সূচি অনুযায়ী, ইরান ‘জি’ গ্রুপে রয়েছে। আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলার কথা। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৭ জুন মিসরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই মহোৎসবে ইরানের অংশগ্রহণ নিয়ে এখন পুরো ফুটবল বিশ্বের নজর জুরিখে হতে যাওয়া ২০ মে’র বৈঠকের দিকে।