Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-১১-২০২৬, সময়ঃ সকাল ১০:৪৬
  • ৪৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফলের তারিখ ঘোষণা

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফলের তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক ►
এইচএসসি ও সমমান পরীক্ষায় চলতি বছর সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যারা এক-দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে যারা এক-দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর নেওয়া হবে। ২৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ; যা বিগত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী। সে হিসেবে এবার পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ আর জিপিএ ৫ কমেছে ২৯ হাজার ১৩ জন।

 

আবেদন করতে যা করতে হবে

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রকাশ করা হবে। তালিকায় নাম থাকা শিক্ষার্থীদের বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

পরীক্ষার নির্ধারিত ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে সোনালী সেবায় জমা দিতে হবে। এ ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে টাকা জমা দিয়ে প্রাপ্ত রশিদ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। ফি জমা দেওয়ার শেষ সময় ৮ নভেম্বর।

ব্যাংকে অর্থ জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা সক্রিয় হবে। এরপর তালিকার তথ্য যাচাই করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে। তালিকার প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। পরীক্ষার্থীদের স্বাক্ষরযুক্ত তালিকার একটি মুদ্রিত কপি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

একই নামে একাধিক শিক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল হলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোনালী ব্যাংকে ফি জমা দেওয়ার রশিদ এবং পরীক্ষার্থীদের স্বাক্ষরসহ চূড়ান্ত তালিকার প্রিন্ট কপি ভবিষ্যতের প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

কোন সিলেবাসে পরীক্ষা

নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য আলাদা পাঠ্যসূচি নির্ধারণ করা হয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে। আর অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে বোর্ডের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি।

পরীক্ষার ফি কত

সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক ফি নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড।

তত্ত্বীয় বিষয়ের প্রতি পত্রের ফি ১২৫ টাকা।
ব্যবহারিক বিষয়ের প্রতি পত্রের ফি ২৫ টাকা।
কেন্দ্র ফি হিসেবে প্রত্যেক পরীক্ষার্থীকে ৪৫০ টাকা দিতে হবে।
এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্র ফির অর্থ ব্যবহারের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। তত্ত্বীয় পরীক্ষার জন্য আদায় করা কেন্দ্র ফির ১০ শতাংশ সংশ্লিষ্ট কলেজ নিজস্ব ব্যয় মেটাতে রাখতে পারবে। অবশিষ্ট ৯০ শতাংশ অর্থ পরীক্ষাকেন্দ্রের পরিচালন ব্যয় নির্বাহের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

এ ছাড়া বোর্ড অফিস থেকে অব্যবহৃত উত্তরপত্র ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের ব্যয়ও কেন্দ্র ফির অর্থ থেকে মেটানো হবে। পরীক্ষাকেন্দ্র পরিচালনার অন্যান্য প্রয়োজনীয় খরচও এই অর্থের আওতাভুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad