
নিজস্ব প্রতিবেদক ►
শিক্ষার মধ্যে ক্রীড়া অন্যতম-এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসকেএস স্কুল এ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটসাল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এই টুর্নামেন্টে প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির ১৬টি দল খেলায় অংশগ্রহণ করবে।
আজ রোববার (২৬ জুলাই) বিকেলে এসকেএস স্কুল এ্যান্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে ও খেলোয়াড়দের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো: আব্দুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: আব্দুস সাত্তার। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. অনামিকা সাহা। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি অধ্যক্ষ মো: আব্দুর রশিদ বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমি আশা করি, আজকের এই টুর্নামেন্টে শিক্ষার্থীরা খেলাধুলার প্রকৃত চেতনা বজায় রেখে চমৎকার কিছু ম্যাচ উপহার দেবে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ৬ষ্ঠ শ্রেণির ডালিয়া শাখা বনাম ৭ম শ্রেণির ডালিয়া শাখা দল। টানটান উত্তেজনাকর এই ম্যাচে শিক্ষার্থীরা মাঠজুড়ে দাপিয়ে খেলেছে এবং তাদের ক্রীড়াশৈলী দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে। পুরো মাঠ যেন শিক্ষার্থীদের জয়ধ্বনি আর করতালিতে মুখরিত হয়ে উঠেছিল। ৭ম শ্রেণির ডালিয়া শাখা দল ৫-০ গোলে ৬ষ্ঠ শ্রেণির ডালিয়া শাখা দলকে পরাজিত করে। ৭ম শ্রেণির দলের পক্ষে দুটি গোল করেন ওয়াছি মাহাদীন ইয়াসা। সেরা খেলোয়ার নির্বাচিত হন ৬নং জার্সি পরিহিত মো: পারভেজ মিয়া। অন্য খেলায় ৬ষ্ঠ শ্রেণি দোলন শাখা বনাম ৬ষ্ঠ শ্রেণি ড্যাফোডিল শাখা দলের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৬ষ্ঠ শ্রেণি ড্যাফোডিল শাখা দলের ৮নং জার্সি পরিহিত খোলোয়ার সাইফ ইসলাম শ্রাবণ প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ১-০ গোলে ৬ষ্ঠ শ্রেণি দোলন শাখাকে পরাজিত করে। সেরা খেলায় নির্বাচিত হন সাইফ ইসলাম শ্রাবণ। খেলা পরিচালনা করেন প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা শিক্ষক মো: রাকিব হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টটি আগামী কয়েক দিনব্যাপী চলবে এবং ফাইনাল ম্যাচের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।