Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৯ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

 কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৯ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক। চিকিৎসার উদ্দেশ্যে তাঁরা কলকাতায় গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। আজ বুধবার (১৯ আগস্ট) ভোররাত আনুমানিক ২টার দিকে কলকাতার অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা নিউমার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই কলকাতা ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ৯ জনের সবাই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুমান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর বহুতল ভবনটিতে ধোঁয়া ছড়িয়ে পড়লে ভেতরে থাকা অতিথিরা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ও দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের চেষ্টায় পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। এর মাত্র দুদিন আগে গত ১৭ আগস্ট বীরভূম জেলার তারাপীঠের ‘হোটেল বিদেশিনী’তে ভোরে আগুন লেগে অন্তত ৮ জন প্রাণ হারান। সেই ঘটনায় মেঘালয়ের একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন সদস্য নিহত হয়েছিলেন। তার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতায় প্রাণঘাতী এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad