Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ পাঁচজনের মৃত্যু

গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় তিনজন , ফুলছড়ি উপজেলায় একজনের মৃত্যু এবং সাঘাটায় একজনের মৃত্যু হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা এলাকায় নিহতরা হলেন— সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। একই ঘটনায় আহত শামীম (১৮) নামের এক তরুণকে স্থানীয়ভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাত সরাসরি তাদের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই সঙ্গে কাছাকাছি থাকা একটি গরুও মারা যায়।

ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে পৃথক স্থানে বজ্রপাতে মানিক (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের শুক্কুর আলী প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হলে খোলা চরে থাকা মানিক বজ্রপাতের কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার ঘোড়াটিও মারা যায়। ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান বজ্রপাতে ঘোড়ার গাড়ি চালক মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একই দিনে উপজেলার ফজলুপুর ইউনিয়নের বুলবুলির চরে বজ্রপাতে আলী আকবর (৪৫) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি ওই এলাকার শীতল মিয়ার ছেলে। প্রতিদিনের মতো গরু চরাতে গিয়ে বিকেলের ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজন আহত হয়েছেন এবং তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। 

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফুর রহমান সুন্দরগঞ্জে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, সাঘাটা উপজেলার নম্বার আলী (৬৫) নামের এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। পৃথক এই বজ্রপাতের ঘটনায়  তিন উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad