
নিজস্ব প্রতিনিধি ►
শিশু হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা, আছিয়া থেকে রামিসা আর কত শিশুর লাশ?, ধর্ষক ও হত্যাকারীদের বিচারহীনতার অবসান চাই এবং শিশু ও নারীর জন্য নিরাপদ বাংলাদেশ চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে এসকেএস ফাউন্ডেশন এর সুশীল প্রকল্প এবং সিএসও হাব গাইবান্ধা এ কর্মসূচির আয়োজন করে ।
এতে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনার বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
শিশু ও নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান তারা। এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা সিএসও হাবের সাধারণ সম্পাদক, পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী প্রধান সুরুজ হক লিটন, অবলম্বনের নির্বাহী প্রধান প্রবীন চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, নাগরিক উন্নয়ন সংস্থার সভাপতি সালাউদ্দিন কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন সুশীল প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মেহেদী হাসান। এসকেএস ‘সুশীল’ প্রকল্পের ১৭টি সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সদস্যরা উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।