Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ৯ নং হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কফিল উদ্দিন মাস্টারের সঙ্গে একই এলাকার ইউপি সদস্য জলিল ও তার লোকজনের বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন কফিল উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের সাথে কথা বলেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।"

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় হরিপুর গ্রাম ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad