Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

টানা বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা

টানা বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা

নীলফামারী প্রতিনিধি ►
টানা ভারি বৃষ্টিতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একটি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে দুই পাড়ের অন্তত ২০ হাজার বাসিন্দা চরম ভোগান্তিতে পড়েছেন। নদীতে তীব্র স্রোতের কারণে বৃহস্পতিবার সকালে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি বাজার সংলগ্ন সেতুর এক পাশের সংযোগ সড়ক ধসে যায় বলে ভাষ্য স্থানীয়দের। খবর পেয়ে এদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান সংযোগ সড়ক সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

স্থানীয়রা জানান, কয়েকদিনের ভারি বর্ষণ ও উজানের ঢলে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়। সেই স্রোতের তোড়ে সেতুর এক পাশের সংযোগ সড়ক ধসে পড়ে। এতে নিতাই ইউনিয়ন পরিষদসহ আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল।

স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন বলেন, “হঠাৎ করে সকালে সেতুর এক পাশের সংযোগ সড়ক ধসে যায়। আমরা এপার থেকে ওপারে যেতে পারছি না। যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। দ্রুত মেরামত করা না হলে দুর্ভোগ আরও বাড়বে।

শিক্ষার্থী মিথিলা আক্তার বলেন, “সকালে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলাম। এখানে এসে দেখি সংযোগ সড়ক ধসে গেছে। পরে ফিরে যেতে হয়েছে। এতে আমরা ভোগান্তিতে পড়েছি। অপর শিক্ষার্থী জুঁই আক্তার বলেন, “ভ্যানে করে স্কুল যাওয়ার পথে দেখি সেতুর একপাশে ধসে গেছে। পরে ভ্যান থেকে নেমে পাশ দিয়ে পার হয়ে ওপারে গিয়ে অন্য ভ্যানে করে স্কুলে যাই।”

বেলতলি বাজার এলাকার আব্দুর রশিদ, মজিদুর ইসলামসহ অনেকেই বলেন, প্রতিদিন এই সেতু দিয়ে শত শত মানুষ বাজারে যান। সেতুটির এক পাশ ধসে যাওয়া নদীর দুই পাড়ের অন্তত ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তারা দ্রুত সড়ক সংস্থারের দাবি জানান।

নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু বলেন, সকালে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছেন।

ইউএনও আরিফুর রহমান বলেন, “ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং দ্রুত সংযোগ সড়ক সংস্কারের জন্য প্রাথমিকভাবে জিও ব্যাগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad