
অনলাইন ডেস্ক ►
খুব বেশি দিন আগের ঘটনা নয়। ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর নতুন দিনের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। যে অস্ট্রেলিয়া গত ২৩ বছর বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকেনি, সেই অজিদের তাদের ডেরায় হারিয়ে চমকে দেয় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদদের প্রশংসায় ভাসিয়েছিল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।
ডারউইনে সেই ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যে নতুন দিনের স্বপ্ন দেখেছিলেন, সেটা যেন মুখ থুবড়ে পড়েছে দ্রুতই! অস্ট্রেলিয়াকে হারানোর পর তিন সংস্করণে গত তিন মাসে টানা ১০ ম্যাচ খেললেও কোনোটিতে জয় নেই বাংলাদেশ। ৮ ম্যাচ হেরেছে ও ড্র করেছে ২ ম্যাচ। হারগুলোও বড্ড দৃষ্টিকটু। এশিয়ান গেমসে তুলনামূলক দুর্বল পাকিস্তান-শ্রীলঙ্কার বিপক্ষেও হারতে হয়েছে বাংলাদেশকে। এ সময়ে বাংলাদেশ হেরেছে জিম্বাবুয়ের কাছেও।
টপ ও মিডল অর্ডারে রান নেই
বছরের মাঝামাঝি পর্যন্ত টেস্টে দল বেশ ধারাবাহিক হয়ে উঠেছিল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ২–০ ব্যবধানে। ব্যাটাররা ধারাবাহিক ভালো করছিলেন। যে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তানজিদ হাসান তামিমের ধারাবাহিক ব্যাটিংয়ে বাংলাদেশ টানা টেস্ট জিতে চলেছিল, তাঁদের ব্যাট থেকে হাসি উধাও হয়ে গেল ম্যাকাই টেস্ট থেকে। টেস্ট অধিনায়ক শান্তর ব্যাটিং দেখুন: এ বছরে ডারউইন টেস্ট পর্যন্ত ৪ টেস্টে ৫২.১৪ গড়ে রান করেছিলেন। সেই শান্তর গড় ম্যাকাই টেস্টের পর থেকে নেমে এসেছে ২২-এ। অভিজ্ঞ মুশফিকের গড় ডারউইনের আগ পর্যন্ত ৪৭.৪২, ম্যাকাও টেস্ট থেকে গত ৩ মাসে সেটি নেমে এসেছে ৩১.৪২। রান নেই আরেক অভিজ্ঞ ব্যাটার মুমিনুলের ব্যাটেও। ডারউইন টেস্ট পর্যন্ত বাঁহাতি টপঅর্ডার ব্যাটারের গড় যেখানে ৫০.১৪, সেটিই গত ৫ টেস্টে নেমে এসেছে ১১.৩৩-এ।
তানজিদ তামিম নজর কেড়েছিলেন ডারউইনে দুর্দান্ত সেঞ্চুরি করে। প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যন্ত অভিনন্দিত করেছিলেন তাঁর দারুণ ইনিংস দেখে। নিজের সর্বশেষ ৬ টেস্টে সেই তানজিদের গড় নেমে এসেছে ২২.৫। তিন অঙ্ক ছুঁতে পারেননি আর একটিও। সাদমান ইসলাম কিছুটা রান পেলেও তিনি ধারাবাহিক নন। টপ আর মিডল অর্ডারে যদি ধারাবাহিক রান সরবরাহ বন্ধ হয়ে যায় একটা দল বড় স্কোর গড়বে কী করে আর সাফল্য পাবে কী করে? মিডল কিংবা লোয়ার মিডল অর্ডার থেকে তাওহীদ হৃদয় আর লিটন দাস তাই রানের ফোয়ারা ছুটিয়ে দিলেও সেটি খুব একটা সাফল্য এনে দিতে পারেনি।
পেসারদের ওয়ার্কলোড
একটা সময় প্রতিপক্ষকে ঘায়েল করতে বাংলাদেশ স্পিনারদের ওপরই বেশি নির্ভর করত। তবে গত দুই বছরে বোলিং আক্রমণে বেশ বড় পরিবর্তন এসেছে। নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামে ভর করে ধারাবাহিক টেস্ট জিততে শুরু করে বাংলাদেশ। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে চোটে পড়ার পর মাঠেই ফেরা হয়নি রানার। তাঁর অনুপস্থিতিতে পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন হাসান। ডারউইনে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন। আবুধাবি, সিলেটেও ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এ সময়ে করেছেন হ্যাটট্রিকও। কিন্তু তাঁর ওপর বাড়তি চাপ পড়ায় চোটাঘাত নিয়ে তাঁকে সফর অসম্পূর্ণ রেখেই ফিরতে হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। স্পিনারদের বলেও সেরকম ‘বিষ’ দেখা যাচ্ছে না। ডারউইন টেস্টের পর মিরাজ ৫ টেস্টে পেয়েছেন ১৪ উইকেট, একটা উইকেট পেতে মিরাজকে দিতে হয়েছে ৭৭ রান। তাইজুল-নাঈমের উইকেট সংখ্যা দুই অঙ্কও স্পর্শ করেনি।
কোচ পরিবর্তন
গত বছরের নভেম্বরে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হওয়ার পর নিজেদের ইতিহাসে টানা চার টেস্ট জেতে দলটি। ডারউইনে জেতার পর বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চারে উঠে আসে। প্রতিযোগিতার ফাইনাল খেলার স্বপ্নও দেখে তারা। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগে আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা সফরে দক্ষিণ আফ্রিকান ডেল বেনকেনস্টাইনকে ব্যাটিং কোচ হিসেবে নিয়েছে বিসিবি। তবু মেলেনি সুফল।
বিসিবি সভাপতি তামিমের যুক্তি
জাতীয় দল বিসিবির যে বিভাগের অধীনে, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান স্বয়ং বিসিবি সভাপতি তামিম ইকবাল। কদিন আগে জাতীয় দলের টানা জয়খরা নিয়ে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কীভাবে ফ্যাসিলিটিজ তৈরি করব, যেখানে ক্রিকেটার তৈরি হবে। কীভাবে সিস্টেম বাস্তবায়ন করব, যেখানে বাংলাদেশ ক্রিকেটের ভালো হবে। অবশ্যই চাই জাতীয় দল সব ম্যাচ জিতুক, না হারুক। আমি যদি সব বাদ দিয়ে শুধু একটা জিনিস নিয়ে বসে থাকি, তাহলে কোনো পার্থক্য তৈরি হবে না। জাতীয় দলের পারফরম্যান্সের জন্য আমাকে কেউ বকাবকি করলে সেটি সাদরে গ্রহণ করব।’
জাতীয় দল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের হৃৎস্পন্দন। জাতীয় দলের আয়নাতেই সাধারণত দেশের ক্রিকেটের উন্নতি-অবনতি বিচার করে থাকেন সাধারণত দর্শকেরা। সেই দলের ব্যর্থতার দায় সবার আগে বিসিবি সভাপতির ওপরই বর্তায়, সে তিনি যে ব্যাখ্যাই দাঁড় করান। সে কারণেই গত কদিনে গুঞ্জন ছড়িয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব ছেড়ে দিতে পারেন তামিম। যদিও এ গুঞ্জনের এখনো সত্যতা পাওয়া যায়নি।