
অনলাইন ডেস্ক ►
বর্ষা মৌসুমের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার ঢাকাসহ ১৫টি অঞ্চলে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে।
পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা উপকূলীয় অঞ্চল ও নদীবন্দরে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন।