
দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তাদের অভিযোগ, যোগ্য ও ত্যাগী নেতাদের উপেক্ষা করে একক সিদ্ধান্তে পকেট কমিটি গঠন করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সোমবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব নীমতলায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশ নেন। এ সময় ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যারা দলকে সুসংগঠিত রাখতে মাঠে সক্রিয় ছিলেন, আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং জেল-জুলুম-নির্যাতন সহ্য করেছেন-নতুন কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বরং ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও একক কর্তৃত্বের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, দলের দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, সুসময়ে তাদের উপেক্ষা করা হয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই আবেগঘন কণ্ঠে বলেন, “দীর্ঘদিন ধরে লালিত স্বপ্ন ভেঙে গেছে, প্রত্যাশা পূরণ হয়নি।
সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মুনতাছির মিনার, জেলা ছাত্রদলের কর্মী ও আহ্বায়ক প্রার্থী শাহ নেওয়াজ হ্যাপি, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোয়ানুর রহমান, সদস্য প্রার্থী প্রমি, শাওন সরকারসহ আরও অনেকে। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নুর ইসলাম।