
অনলাইন ডেস্ক ►
একটি শোরুম উদ্বোধন করার উদ্দেশ্যে মানিকগঞ্জ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজেই এমন খবর জানিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে এর কয়েক ঘণ্টা পর তিনি নিজেই আবার দাবি করেন, তার কোনো গাড়ি দুর্ঘটনা ঘটেনি! অভিনেত্রীর এমন পরস্পরবিরোধী স্ট্যাটাসে ভক্তদের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে।
শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রথম পোস্টে তিশা জানিয়েছিলেন, দুর্ঘটনার কারণে তিনি মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে এসেছেন। তবে বড় কোনো বিপদে পড়েননি। তিনি লিখেছিলেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’
প্রিয় অভিনেত্রীর দুর্ঘটনার খবর পেয়ে তার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়ে পড়ে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সে বিষয়ে জানতে উদগ্রীব ছিলেন ভক্তরা।
কিন্তু প্রথম পোস্টের প্রায় সাত ঘণ্টা পর মাঝরাতে আরেকটি স্ট্যাটাস দিয়ে সবাইকে চমকে দেন তানজিন তিশা। আগের খবরটি পুরোপুরি নাকচ করে দিয়ে তিনি লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে দাপটের সঙ্গে কাজ করছেন তানজিন তিশা। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও পেয়েছেন দারুণ সফলতা। ছোট পর্দা ও ওটিটির গণ্ডি পেরিয়ে এবার চলচ্চিত্রেও অভিষেক হতে যাচ্ছে তার। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ নামক একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি, যা বর্তমানে মুক্তির প্রহর গুনছে।