
নিজস্ব প্রতিবেদক ►
ডেঙ্গু পরিস্থিতির বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে কেন্দ্র করে গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বড় পর্দায় সরাসরি কেন্দ্রীয় ভিডিও কনফারেন্সে যুক্ত হন স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত আয়োজনে গাইবান্ধার জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান এবং পুলিশ সুপার মো. জসীমউদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটসের সদস্য এবং পরিচ্ছন্নতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বারোপ করে বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। বক্তারা নিজ নিজ বসতবাড়ি, আঙিনা, ছাদবাগান ও কর্মস্থল নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। বিশেষ করে প্রতি শনিবার নিজেদের আশপাশ পরিচ্ছন্ন রাখার ওপর জোর দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পরপরই গাইবান্ধা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সম্মিলিত প্রচেষ্টায় পুরো জেলায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।