Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নগর বাউল জেমসের জন্মদিন আজ

নগর বাউল জেমসের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক ►
হাতে গিটার, চোখে স্বপ্ন- এই দুই সম্বল করেই একসময় ঘর ছেড়েছিলেন ফারুক মাহফুজ আনাম। সংগীতপ্রেমীদের কাছে যিনি জেমস নামে পরিচিত। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্ম নেওয়া এই শিল্পীর বেড়ে ওঠা চট্টগ্রামে। সংগীতের প্রতি আগ্রহের কারণে পরিবারের সঙ্গে মতবিরোধের একপর্যায়ে বাড়ি ছাড়েন তিনি। চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে থেকে শুরু হয় তার সংগীতচর্চার গুরুত্বপূর্ণ অধ্যায়। সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হয় নিজের আলাদা সংগীতজগৎ।

১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠনের মধ্য দিয়ে জেমসের পেশাদার সংগীতযাত্রা শুরু হয়। তিনি ছিলেন ব্যান্ডটির প্রধান কণ্ঠ ও লিড গিটারিস্ট। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ফিলিংসের প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। অ্যালবামটি তাকে ব্যান্ডসংগীতের শ্রোতাদের কাছে পরিচিত করে। পরের বছর প্রকাশিত একক অ্যালবাম ‘অনন্যা’ তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। এরপর একে একে আসে ‘জেল থেকে বলছি’ (১৯৯০), ‘নগর বাউল’ (১৯৯৬), ‘লেইস ফিতা লেইস’ (১৯৯৮) ও ‘কালেকশন অব ফিলিংস’ (১৯৯৯)। পরবর্তী সময়ে ফিলিংসের নাম পরিবর্তন করে রাখা হয় ‘নগর বাউল’।

একক শিল্পী হিসেবেও জেমসের রয়েছে উল্লেখযোগ্য অ্যালবাম। ‘পালাবি কোথায়’ (১৯৯৫), ‘দুঃখিনী দুঃখ করো না’ (১৯৯৭), ‘ঠিক আছে বন্ধু’ (১৯৯৯), ‘আমি তোমাদেরই লোক’ (২০০৩), ‘জনতা এক্সপ্রেস’ (২০০৫), ‘তুফান’ (২০০৬) ও ‘কাল যমুনা’ (২০০৯) তার একক অ্যালবামের তালিকায় রয়েছে। ‘তারায় তারায় রটিয়ে দেব’, ‘মা’, ‘বাংলাদেশ’, ‘পাগলা হাওয়া’, ‘দুষ্টু ছেলের দল’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’ ও ‘মিরাবাই’সহ তার গাওয়া বহু গান শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে।

বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি বলিউডেও প্লেব্যাক করেছেন জেমস। ২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ভিগি ভিগি’ গান দিয়ে বলিউডে তার অভিষেক হয়। এরপর ‘ওহ লামহে’, ‘লাইফ ইন এ মেট্রো’ ও ‘ওয়ার্নিং’-এর মতো সিনেমায় গান করেন। বাংলাদেশের চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য ‘দেশা : দ্য লিডার’ (২০১৪) ও ‘সত্তা’ (২০১৭) সিনেমায় সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

যে তরুণ একদিন গানের জন্য ঘর ছেড়েছিলেন, সেই জেমসই চার দশকের বেশি সময় ধরে বাংলা রকসংগীতের অন্যতম স্বতন্ত্র কণ্ঠ আর ভক্তদের কাছে ‘গুরু’।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad