Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নতুন পে স্কেলে তিন মাসের বর্ধিত বেতন সবাই কখন পাবেন

নতুন পে স্কেলে তিন মাসের বর্ধিত বেতন সবাই কখন পাবেন

অনলাইন ডেস্ক ►
নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বেতন পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রবিবার অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বর্ধিত বেতনের বকেয়াও তাদের হিসাবে জমা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সকাল ১০টার পর থেকে অনেক সরকারি কর্মচারীরা মোবাইল ফোনে বেতন ও বকেয়া অর্থ জমা হওয়ার এসএমএস পান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, আট লাখ পেনশনভোগী এবং ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের প্রায় সবাই বর্ধিত বেতন-ভাতা পেয়েছেন। তবে যাঁদের বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তাঁরা সংশোধিত কাঠামো অনুযায়ী বেতন পাননি। এই প্রক্রিয়া শেষ হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাকি কর্মচারীদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করছেন কয়েকজন সরকারি কর্মকর্তা।

গত ১৭ সেপ্টেম্বর সরকার নতুন জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করে। এতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সংশোধিত কাঠামোতে ১ থেকে ১১ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ এবং ১২ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছে।

নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে একবারে পুরো বেতন কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে সুবিধা পাবেন। এই হিসাব করা হয়েছে ২০২৬ সালের ৩০ জুনে উত্তোলিত বা প্রদেয় বেতনের ভিত্তিতে।

পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত বর্ধিত মূল বেতনের ৭৫ শতাংশ দেওয়া হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টসহ সংশোধিত বেতন স্কেলের পুরো সুবিধা কার্যকর করার কথা রয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য ভাতা ২০২৬ সালের ৩০ জুনে কার্যকর হারেই বহাল থাকবে। সংশোধিত হারে ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। ওই স্কেলে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ১০১ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ৯৫ শতাংশ বাড়ানো হয়েছিল। ১১ বছর পর এবার সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হলো।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad