
ফুলছড়ি প্রতিনিধি ►
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সহযোগিতায় একটি র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে থানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা প্রকৌশলী তৌহিদুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব, ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ নুর মোহাম্মদ সিকদার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আরিফুল ইসলাম আরিফ, উপজেলা আইসিটি কর্মকর্তা রুবেল মিয়া, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল, উদাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি লাভলী খাতুন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি আল ফারুক সরকার মুরাদ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ ভৌগোলিক অবস্থানগত কারণে বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, আগাম সতর্কবার্তা প্রচার এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় জোরদার করা জরুরি। তাঁরা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন জনগণের সম্মিলিত অংশগ্রহণ। বিশেষ করে নদীতীরবর্তী ও বন্যাপ্রবণ এলাকার মানুষকে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতন করতে হবে।
একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে দুর্যোগ প্রস্তুতিবিষয়ক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। পরে একইস্থানে ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের অংশগ্রহণে দুর্যোগে প্রস্তুতি নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রস্তুতি গ্রহণের বার্তা তুলে ধরা হয়।