Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

ফুলছড়িতে শিশু অপহরণকারী যুবক আটক : অপহৃত শিশু উদ্ধার

ফুলছড়িতে শিশু অপহরণকারী যুবক আটক : অপহৃত শিশু উদ্ধার

ফুলছড়ি প্রতিনিধি

নারায়ণগঞ্জ থেকে অপহৃত ছয় বছর বয়সী এক শিশুকন্যাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী সন্দেহে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় ফুলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আটক যুবক শান্ত (১৯), নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার কালনি গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের একটি এলাকা থেকে শিশু মাইশা নিখোঁজ হয়। মুহূর্তের মধ্যেই শিশুটির ছবিসহ অপহরণের বিষয়টি গত রোববার বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরই মধ্যে অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।

বিকেলের দিকে ফুলছড়ি ইউনিয়নে যাওয়ার সময় শিশুটির কান্না এবং যুবকের অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদে যুবকটি অসংলগ্ন কথাবার্তা বললে স্থানীয়রা তাকে আটক করে ফুলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেকের বাড়িতে নিয়ে যান। সেখানে কঠোর জিজ্ঞাসাবাদের মুখে যুবকটি শিশুটিকে অপহরণ করার কথা স্বীকার করে।

ঘটনার খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ বিষয়ে ফুলছড়ি থানা পুলিশ জানান, “সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া খবরের সূত্র ধরে স্থানীয়রা অপহরণকারীকে আটক করে আমাদের খবর দেন। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকটি অপহরণের বিষয়টি স্বীকার করেছে।”

পুলিশ আরও জানায়, শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হবে। অপহৃত শিশুর পরিবারের সদস্যরা জানান, তারা সন্তানকে ফিরে পাওয়ার খবর পেয়ে অত্যন্ত আনন্দিত এবং স্থানীয় জনতা ও ফুলছড়ি থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad