Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বগুড়ায় রেলের পুকুর উদ্ধারে সিটি করপোরেশনের অভিযান

বগুড়ায় রেলের পুকুর উদ্ধারে সিটি করপোরেশনের অভিযান

বগুড়া প্রতিনিধি ►
বগুড়া শহরের স্টেশন রোড-সংলগ্ন চকবৃন্দাবন মৌজার বহুল আলোচিত রেলওয়ের প্রাকৃতিক জলাশয় দখলমুক্ত ও পুনঃখননে অভিযান চালিয়েছে বগুড়া সিটি করপোরেশন। বুধবার (১৬ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে জলাশয়ের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সীমানা নির্ধারণ ও মাটি অপসারণের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম জানান, বগুড়া শহরের পরিধি বাড়লেও ফায়ার সার্ভিসের জরুরি প্রয়োজনে ব্যবহারের মতো দৃশ্যমান বড় কোনো জলাশয় নেই। জনস্বার্থে অগ্নিকান্ডসহ জরুরি পরিস্থিতিতে পানির জোগান নিশ্চিত এবং নগরবাসীর জন্য বিনোদনের স্থান তৈরির লক্ষ্যেই ১ একর ২৮ শতক আয়তনের পুকুরটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলা প্রত্যাহার হওয়া এবং আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে।

অভিযানের সময় লিজগ্রহীতা সাইফুল ইসলাম ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, রেলওয়ের কাছ থেকে নিয়ম মেনে লিজ নিয়ে প্রায় ৯৪ শতক জমিতে চারটি গ্রুপের প্রায় ৫০ জন ব্যবসায়ী সম্পৃক্ত রয়েছেন। খাজনা বাবদ প্রায় ১ কোটি ৯ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, রেলওয়ের কাগজপত্রের ভিত্তিতে লিজ নেওয়ার পর এখন সেটিকে অবৈধ বলা হচ্ছে। পাশাপাশি সীমানা নির্ধারণ না করেই পাশের ব্যক্তিগত জমিতে উচ্ছেদ চালানোর অভিযোগও করেন তারা।

তবে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের দাবি, জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া পুকুরের শ্রেণি পরিবর্তনের সুযোগ নেই। জমির শ্রেণি পরিবর্তনের জন্য যে নথি উপস্থাপন করা হয়েছিল, সেটি ভুয়া ও মিথ্যা প্রমাণিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ের বগুড়ার কানুনগো রাজিবুজ্জামান বলেন, মূল আরএস খতিয়ানে জমিটি পুকুর শ্রেণিভুক্ত। সে হিসেবেই বাণিজ্যিক লিজ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ভিটা হিসেবে শ্রেণি পরিবর্তনের আবেদন করা হলেও জেলা প্রশাসন তা নাকচ করে। সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানান, জলাশয়টি পুরোপুরি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনার পাশাপাশি ভবিষ্যতে এখানে দৃষ্টিনন্দন লেক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad