Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৫৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বাড়ছে গ্রাম পুলিশের বেতন, ৭ নভেম্বর থেকেই কার্যকর

বাড়ছে গ্রাম পুলিশের বেতন, ৭ নভেম্বর থেকেই কার্যকর

অনলাইন ডেস্ক ►গ্রাম পুলিশের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই এসব সুযোগ-সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

গ্রাম পুলিশ সদস্যদের আর্থিক নিরাপত্তা ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় ১৯৯৫ সালে প্রথমবারের মতো গ্রাম পুলিশের জন্য ঈদ বোনাস চালু করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও সারা দেশের ৪০ হাজারের বেশি গ্রাম পুলিশ সদস্যের কল্যাণে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের পদবি পরিবর্তনের পাশাপাশি তাদের বেতন-ভাতাও বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, অবসরকালীন সুবিধা, মোবাইল বিল ও যাতায়াত ভাতার ক্ষেত্রেও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেতন বৃদ্ধির বিষয়ে তিনি জানান, একজন গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অবসরকালীন আনুতোষিকের পরিমাণও বাড়ানো হয়েছে। আগে একজন গ্রাম পুলিশ সদস্য ৭০ হাজার টাকা পেলেও এখন পাবেন ৮০ হাজার টাকা। আর গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ৮৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

 

এ ছাড়া তথ্য আদান-প্রদানের সুবিধার্থে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে মাসিক ১০০ টাকা মোবাইল বিল দেওয়া হবে। থানায় সাপ্তাহিক হাজিরার জন্য যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে। সাধারণ গ্রাম পুলিশের ক্ষেত্রে ৩০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহাসমাবেশে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের সামগ্রিক উন্নয়নে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার মধ্যে ৮০ হাজার পদে নিয়োগ পাবেন নারী।

একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। নারী গ্রাম পুলিশ সদস্যদের মাতৃত্বকালীন ছুটিও ছয় মাস নির্ধারণ করা হয়েছে, যা ৭ নভেম্বর থেকেই কার্যকর হবে।

গ্রাম পুলিশের দায়িত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

সরকারের এসব সিদ্ধান্তের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নয়ন এবং নারী সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad