
নিজস্ব প্রতিবেদক ►
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়ে গাইবান্ধায় ‘মেসার্স রুহুল ট্রেডার্স’ নামের একটি ব্যবসা-প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিকেলে শুনানি শেষে এ জরিমানা করেন অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযোগসূত্রে জানা যায়, গত ১ এপ্রিল শহরের জেলা স্টেডিয়াম সংলগ্ন ওই প্রতিষ্ঠানটি থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কেনেন রওশন হাবিব একজন সংবাদকর্মী। পরে ওইদিনই এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে দুইপক্ষ ছাড়াও জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা কার্যালয়ে শুনানির আয়োজন করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় মেসার্স রুহুল ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রুহুল আমিন বাবুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি সম্পূর্ণ অবৈধ। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।