
অনলাইন ডেস্ক ►
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি দুদিনের জন্য স্থগিত করা হয়েছে। দুটি সংগঠনের ডাকে গতকাল রোববার সকালে এ কর্মসূচি শুরু হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়। গতকাল রোববার সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছিল।
পরে বিকেল ৫টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। এর সঙ্গে দুদিনের সঙ্গে অবরোধ কর্মসূচিও স্থগিত করা হয়। বিকেল ৫টার পর থেকে সাজেক সড়কের যানচলাচল স্বাভাবিক হয়। সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা দ্য ডেইলি স্টার বলেন, গতকাল সকাল ৬টা থেকে সাজেক সড়কের বিভিন্ন জায়গায় আমাদের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বিকেল ৫টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়।
তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তিনটি দাবি জানিয়েছি: ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএসের সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নিতে হবে; জেএসএসরা নিরীহ জনগণকে মৃত্যুর হুমকি দিতে পারবে না এবং আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ নিরীহ জনগণের ঘরবাড়ি তল্লাশি করতে পারবে না।
আইনশৃঙ্খলা বাহিনী আমাদের কাছ থেকে দুই দিনের সময় চেয়েছে। আমরা তাদের সোমবার ও মঙ্গলবার দুই দিনের সময় দিয়েছি এই দুই দিনে দাবি আদায় না হলে পুনরায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, দাবি পূরণের আশ্বাসে অবরোধকারীরা তাদের অবরোধ স্থগিত করেছে। সাজেক সড়কে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার সন্ধ্যা থেকে পর্যটন কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অনিবার্য কারণবশত রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে বলা হয় বিজ্ঞপ্তিতে।