Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

যুক্তরাষ্ট্রে ৬১৬ কোটি টাকায় বিক্রি টি.রেক্সের কঙ্কাল, গড়ল নতুন বিশ্বরেকর্ড

যুক্তরাষ্ট্রে ৬১৬ কোটি টাকায় বিক্রি টি.রেক্সের কঙ্কাল, গড়ল নতুন বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক ►
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে ৫ কোটি ১ লাখ মার্কিন ডলারে (প্রায় ৬১৬ কোটি টাকা) বিক্রি হয়েছে গাস নামে পরিচিত একটি টাইরানোসরাস রেক্স (টি.রেক্স) ডাইনোসরের কঙ্কাল। মঙ্গলবার আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোদেবিজের আয়োজিত নিলামে এই কঙ্কালটি বিক্রি হয়। এর মাধ্যমে এটি নিলামে বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামি ডাইনোসরের কঙ্কালের নতুন রেকর্ড গড়েছে। নিলামের সময় কঙ্কালটি কিনতে সাতজন আগ্রহী ক্রেতা অংশ নেন। প্রায় ১০ মিনিট ধরে তাদের মধ্যে টানা দর হাঁকার প্রতিযোগিতা চলে। শেষ পর্যন্ত এক অজ্ঞাত পরিচয়ের ক্রেতা ৫ কোটি ১ লাখ ডলারে কঙ্কালটি কিনে নেন।

বিশেষজ্ঞদের মতে, গাস বিশ্বের সবচেয়ে সম্পূর্ণ টি. রেক্স কঙ্কালগুলোর একটি। এতে মোট ১৮৩টি জীবাশ্মে পরিণত হওয়া হাড় রয়েছে। পুরো কঙ্কালের প্রায় ৬৩ শতাংশ এখনো অক্ষত রয়েছে। এর দৈর্ঘ্য ৩৮ ফুট বা ১১ দশমিক ৬ মিটার। আকারের দিক থেকেও এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় টি. রেক্স নমুনাগুলোর একটি। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের একটি গরুর খামারে কঙ্কালটি খুঁজে পাওয়া যায়। পরে গবেষণা করে বিজ্ঞানীরা ধারণা করেন, এই ডাইনোসরটি আজ থেকে প্রায় ৭ কোটি ২০ লাখ থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত। সে সময় পৃথিবীর জলবায়ু বর্তমানের তুলনায় অনেক বেশি উষ্ণ ছিল। সমুদ্রের পানির উচ্চতাও ছিল অনেক বেশি।


উপকূলজুড়ে বিস্তীর্ণ সমতল এলাকা ছিল, যেগুলো প্রায়ই বন্যার পানিতে প্লাবিত হতো। নিলামে এত বড় অঙ্কে এই কঙ্কাল বিক্রি হওয়ার ঘটনা দেখিয়ে দিয়েছে, ডাইনোসরের জীবাশ্ম ও হাড়ের আন্তর্জাতিক বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক জীবাশ্মবিদ। তাদের মতে, এমন গুরুত্বপূর্ণ জীবাশ্ম ব্যক্তিগত সংগ্রহে চলে গেলে গবেষণা ও জনসাধারণের দেখার সুযোগ সীমিত হয়ে যায়।

নিলামের আগে বার্তা সংস্থা এএফপিকে সোদেবিজের বিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাস বিভাগের প্রধান ক্যাসান্দ্রা হ্যাটন বলেন, বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যেখানে এ ধরনের জীবাশ্ম ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন, কোনো জমির মালিক যদি একটি জীবাশ্ম খুঁজে পান, তাহলে সেই জীবাশ্মের মালিকানাও তার হয়। তিনি চাইলে সেটি বিক্রি করতে পারেন। তাই ব্যক্তিগতভাবে ডাইনোসরের জীবাশ্ম কিনতে চাইলে যুক্তরাষ্ট্রই একমাত্র জায়গা, যেখানে তা আইনগতভাবে সম্ভব। এর আগে জীবাশ্মের নিলামে সর্বোচ্চ দামের রেকর্ড ছিল ‘এপেক্স’ নামে একটি স্টেগোসরাসের কঙ্কালের। ২০২৪ সালে হেজ ফান্ডের ধনকুবের কেন গ্রিফিন এটি ৪ কোটি ৪৬ লাখ মার্কিন ডলারে কিনেছিলেন। এবার ‘গাস’ সেই রেকর্ড ভেঙে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ডাইনোসরের কঙ্কালে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad