
অনলাইন ডেস্ক ►
আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে হারিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছে আফগানিস্তান। প্রতিপক্ষকে ৩ উইকেটে হারিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে। আফগানদের লাভের গুড় খেয়েছে বাংলাদেশও। রশিদ খানরা জয় পাওয়ায় সরাসরি বিশ্বকাপ খেলবেন মেহেদী হাসান মিরাজ-লিটন দাসরাও। এতে চূড়ান্ত হয়েছে র্যাংকিংয়ের ভিত্তিতে কোন ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলবে।
তাদের সঙ্গে আয়োজক দেশ হওয়ায় বিশ্বকাপে খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। তবে কপাল পুড়েছে ওয়েস্ট ইন্ডিজের। দুইবারের বিশ্বকাপজয়ীদের আবারও বাছাইপর্ব খেলতে হবে। এ নিয়ে টানা তৃতীয়বার বাছাইপর্ব খেলবে তারা। সর্বশেষ ২০২৩ বিশ্বকাপে তো খেলারই সুযোগ পায়নি ক্যারিবিয়ানরা। দলগুলোর সরাসরি বিশ্বকাপের টিকিট চূড়ান্ত হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে আইসিসি র্যাংকিংয়ে শীর্ষ ৯ নম্বরে থাকায়। নিয়ম অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যারা শীর্ষ ৮ নম্বরে থাকবে তারাই বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। তবে ৯ নম্বর দল সুযোগ পাচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটের মধ্যে থাকায়। র্যাংকিংয়ের ৯ নম্বর দলটি হচ্ছে বাংলাদেশ।
বর্তমানে ৮৩ রেটিং নিয়ে নয়ে। ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট সময়ের মধ্যে দুটি ওয়ানডে খেলবে। তবে সেই দুই ম্যাচে ভারতকে পরাজয়ের স্বাদ দিলেও ৯ নম্বরে ওঠার সুযোগ নাই তাদের। ৭৭ রেটিংয়ের মালিকদের তাই তৃতীয়বারের মতো বাছাইপর্ব খেলে বিশ্বকাপের টিকিট পেতে হবে। বাছাইপর্বের জয়ী দল আগামী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলবে। অন্যদিকে বাছাইপর্বের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দল খেলবে ‘সুপার সিরিজ’ নামে ত্রিদেশীয় সিরিজ। সেখানকার শীর্ষ দল খেলবে দ্বিতীয় রাউন্ডে।