Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে

নওগাঁর ৬ আসনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

নওগাঁর ৬ আসনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

নওগাঁ প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে নওগাঁর ছয়টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সকালে শীতের কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে থাকে। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীরাও সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে অনেক ভোটারকেই উচ্ছ্বসিত দেখা গেছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরা কেন্দ্রগুলোতে টহল দিচ্ছেন। সন্দেহজনক বস্তু শনাক্তে প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশিও চালানো হয়েছে। 
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ৭৮২টি কেন্দ্রের মধ্যে ৩৬৪টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রয়েছে। জেলায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া সেনাবাহিনী, পাঁচ শতাধিক বিজিবি সদস্য এবং আনসার বাহিনী দায়িত্ব পালন করছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের ধানের শীষের প্রার্থী ফজলে হুদা বাবুল সকালে বদলগাছীর বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দেবেন বলে আশা করছি। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. শফিউল আলম জানান, কেন্দ্রে মোট ৩ হাজার ৩১৬ জন ভোটার রয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

নওগাঁর ছয়টি আসনে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিভিন্ন দলের ২৭ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৫ জন।

নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার): বিএনপির মোস্তাফিজুর রহমান, জামায়াতের অধ্যক্ষ মাহবুবুল আলম, ইসলামী আন্দোলনের আব্দুল হক শাহ, জাতীয় পার্টির আকবর আলী এবং স্বতন্ত্র ডা. ছালেক চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট): বিএনপির সামসুজ্জোহা খান, জামায়াতের এনামুল হক ও এবি পার্টির মতিবুল ইসলাম।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী): বিএনপির ফজলে হুদা বাবুলসহ বিভিন্ন দলের ছয়জন এবং দুই স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নওগাঁ-৪ (মান্দা): বিএনপির ইকরামুল বারী টিপু, জামায়াতের আব্দুর রাকিব, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, সিপিবি ও এক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

নওগাঁ-৫ (সদর): বিএনপি, জামায়াত, সিপিবি, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই): বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি এবং এক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলার ছয়টি আসনে মোট ভোটার ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন, নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad