
সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলায় কার্ভাড ভ্যান চাপায় ব্যাটারি চালিত ইজিবাইক চালকসহ দুইজন নিহত ও ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে উপজেলার তালুক মন্দুয়ার এলাকায় শাহানা ফিলিং স্টেশনের সামনে সাদুল্লাপুর-গাইবান্ধা সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন, ব্যাটারি চালিত ইজিবাইকের চালক উপজেলার তরফবাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে আল-আমিন (৪০) ও গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ন চন্দ্র সাহার ছেলে গালামাল ব্যবসায়ী গৌতম চন্দ্র সাহা (৬৫)। আহত ৫ জনের মধ্যে গুরুতর ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ৩ জনকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে সাদুল্লাপুরগামী যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজিবাইকটিকে ওই এলাকায় গাইবান্ধাগামী একটি কার্ভাড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইক চালকসহ দুইজন নিহত ও ৫ আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনের অবস্থা অবনতি হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কার্ভাড ভ্যানটি ও ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।