Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:১৯
  • ১৯ বার দেখা হয়েছে

জনপ্রতিনিধিরা জনমুখী কাজের প্রতিযোগিতায় প্রধানমন্ত্রীর অনুসরণে নিয়মের মধ্যে আসছেন অন্যরাও

জনপ্রতিনিধিরা জনমুখী কাজের প্রতিযোগিতায় প্রধানমন্ত্রীর অনুসরণে নিয়মের মধ্যে আসছেন অন্যরাও

অনলাইন ডেস্ক

নির্বাচনের পরপরই শুরু হয়েছে রমজান। জনপ্রতিনিধিদের যেন দম ফেলার ফুরসত নেই। নেমে পড়েছেন কাজে। একজনের দেখাদেখি আরেকজন। এভাবে সরকারি কিংবা বিরোধী দলের এমপিরা সশরীরে মাঠে নেমেছেন। বিশেষ করে রমজানে নিত্যপণ্যের বাজার মানুষের নাগালের মধ্যে রাখতে কাজ করে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে দেশের বিভিন্ন জায়গায় এমপি-মন্ত্রীরা সমানতালে কাজ করছেন। কেউ কেউ হুটহাট বাজার তদারকি করে প্রশংসায় ভাসছেন সব মহলে। রমজানকে পুঁজি করে কোনো অসাধু চক্র যেন সাধারণ মানুষের কষ্টের কারণ হতে না পারে সে বিষয়ে তারা সতর্ক অবস্থানে আছেন। শুধু বাজারই নয়- ঈদ ঘিরে বাসভাড়া স্বাভাবিক রাখতে দৃশ্যমান ব্যবস্থাও নিচ্ছেন জনপ্রতিনিধিরা।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী এমপিরা শপথ নেওয়ার পর থেকে এমন জনসম্পৃক্ত কাজে মাঠে নেমেছেন। সংসদের সরকারি দল বিএনপি ও বিরোধী জামায়াতে ইসলামীর নির্বাচিত এমপিরা তাদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কাছে ছুটে যাচ্ছেন। বেশিরভাগ এমপিকে সংসদীয় এলাকায় সময় দিতে দেখা যাচ্ছে। দলমত বর্ণ নির্বিশেষে তারা সবার কাছে যাচ্ছেন। সমস্যার কথা শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন। সামাজিকমাধ্যমে তাদের এমন কর্মতৎপরতার ভিডিও ছড়িয়ে পড়ছে প্রতিদিন।

রমজানের শুরুর দিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরাসরি বাজার মনিটরিংয়ে নেমেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান। তিনি বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছেন। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কাঁচাবাজার ও মাছবাজারসহ বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে এমপি জাহানদার আলী জাহান বাজার ব্যবস্থাপনায় কিছু অসংগতি ও পরিচ্ছন্নতার ঘাটতির কথা উল্লেখ করে দ্রুত তা সমাধানের নির্দেশ দেন। তিনি বলেন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং প্রয়োজন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানাতে হবে এবং সেই তালিকা অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে হবে। জাহানদার আলী জাহান আরও বলেন, রমজানে সাধারণ মানুষের কষ্ট যেন না বাড়ে, সে জন্য প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে কাজ করতে হবে। কেউ অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা নেওয়া হবে, তবে আমরা চাই সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করুক।

আলী জাহানের মতো এমন অনেক জনপ্রতিনিধি একই কাজ করছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরাসরি বাজার মনিটরিংয়ে নেমেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনিও বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি নবীনগর পৌর শহরের বাজারের বিভিন্ন দোকানপাট পরিদর্শন করেন। এ সময় উপজেলা ভূমি সহকারী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর সঙ্গে নিয়ে কাঁচাবাজার, মাছবাজারসহ বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বাজার ব্যবস্থাপনায় কিছু অসঙ্গতি ও পরিচ্ছন্নতার ঘাটতির কথা উল্লেখ করে দ্রুত তা সমাধানের নির্দেশ দেন। তিনি বলেন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং প্রয়োজন। কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর এমপি মুফতি আমির হামজা রমজানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে অংশ নিয়ে আলোচনায় আসেন। তিনি বাজার মনিটরিং করেছেন নিয়মিত। অভিযানকালে এমপি কলার আড়ত ও মুরগির দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে দেখেন। এক মুরগির দোকানে দেশি মুরগি প্রতি কেজিতে বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানাও করে।

এ সময় মুফতি আমির হামজা ব্যবসায়ীদের রমজান মাসে বাজার স্থিতিশীল রাখা ও অতিরিক্ত মুনাফা না করার আহ্বান জানান। রমজান মাস উপলক্ষে ভোক্তারা যেন স্বাভাবিক দামে নিত্যপণ্য ক্রয় করতে পারেন, সে জন্য প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে দেশেও এর প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যে ইসরাইল-আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম রুট ‘হুরমুজ প্রণালি’ বন্ধ হয়ে যাওয়ার খবরে দেশজুড়ে তেল মজুদের হিড়িক পড়েছে। দেশে তেলের দাম বাড়তে পারে- এমন আতঙ্কে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। তবে চাহিদামতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি আকস্মিকভাবে কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেন। সে সঙ্গে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। মন্ত্রী জানান, দেশে বিদ্যুতের মজুদ পর্যাপ্তভাবে মার্চ মাস পর্যন্ত চলবে। তবে জ্বালানি সরবরাহ ঠিকমতো না হওয়া পর্যন্ত বিদ্যুতের অপচয় রোধ করতে হবে।
এ প্রসঙ্গে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের কোনো বিশ্রামের সুযোগ ছিল না। শপথের পর থেকে একের পর এক কাজ। সরকারি কাজের পাশাপাশি সংসদীয় এলাকায়ও কাজ করতে হচ্ছে সাপ্তাহিক ছুটিতে। প্রধানমন্ত্রী নিজেও অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। তিনি যখন শনিবার অফিস করেন, তখন তো আমাদের ঘরে থাকার সুযোগ নেই। প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে। একটু সময়ও অপব্যয় করতে চায় না। এ ছাড়া প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সবাইকে ১৮০ দিন সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দৃশ্যমান কাজ দেখানোর কথা বলা হয়েছে।

বিএনপি ও জামায়াতের বাইরে অন্য দলের এমপিরাও মাঠে বেশ সক্রিয়। তারাও জনগণের কাছে যাচ্ছেন নিয়ম করে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শপথ নেওয়ার পরপরই নিজ এলাকায় গিয়ে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের সঙ্গে কোনো ধরনের অবিচার বরদাশত করা হবে না। শহিদ ও আহতদের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা দখলবাজির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। নিয়মিতভাবে অংশ নিচ্ছেন উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায়।

এমপি হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণ বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছেন। নির্বাচনে একটি পয়সাও আমি খরচ করিনি। এখন জনগণকে বিনাপয়সায় সেবা দেব। আমার এলাকার বাসিন্দাদের কোথাও মৌলিক সেবা পেতে হয়রানি হতে দেব না। মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহনে চাঁদাবাজি ও বাড়তি ভাড়া আদায় বন্ধে বিভিন্ন বাসস্ট্যান্ডে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য হানজালা হঠাৎ করে বাসস্ট্যান্ডগুলোতে উপস্থিত হলে সাধারণ যাত্রীরা বাড়তি ভাড়া ও হয়রানির বিষয়ে তার কাছে অভিযোগ করেন।  এ সময় তিনি বাসের চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং অবিলম্বে সব ধরনের চাঁদাবাজি বন্ধের কঠোর হুঁশিয়ারি দেন। তার উপস্থিতিতেই যাত্রীপ্রতি চাঁদা আদায়ের বিষয়টি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল সংসদ সদস্যের সঙ্গে ছিলেন। তিনি আরও জানান, আসন্ন ঈদে ঘরমুখো মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে জন্য প্রশাসন ও তার দল সজাগ থাকবে।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, জনপ্রতিনিধিদের এমন ইতিবাচক চিত্রগুলো এর আগেও দেখা যেত। তবে তা অনেকটা লোকদেখানোই মনে হয়েছে। মুখের নির্দেশনা মাঠে বাস্তবায়ন হতো না। কারওয়ান বাজারে নিয়মিত সদাই করেন বেসরকারি চাকুরে শফিকুর রহমান।  তিনি বলেন, এই এলাকাটি ঢাকা-১২ আসনের মধ্যে অন্তর্ভুক্ত। এখানের এমপি জামায়াতে ইসলামীর। তিনিও প্রতিদিন বাজার মনিটরিং করছেন, ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করছেন। যতটা আমরা আশঙ্কা করেছিলাম, বাজার ততটা বাড়েনি। দ্রব্যমূল্য মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়ানুবর্তিতা ও নিয়মতান্ত্রিক কর্মপরিচালনা দেখে বদলে যাচ্ছেন জনপ্রতিনিধিরাও। রোজায় নির্ধারিত সময়ের আগেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী। গুলশানের বাসা থেকে রোজ অফিসে পৌঁছেন। মাঝেমধ্যে সবার আগে তিনিই অফিসে পৌঁছে যান। এমনকি সাপ্তাহিক ছুটির দিন শনিবারও অফিস করেন। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর পরদিন প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দফতরে দুদিন অফিস করেন। ছুটির দিন শনিবার তিনি তেজগাঁও কার্যালয়ে অফিস করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad