Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:৪৮
  • ৪১ বার দেখা হয়েছে

পীরগঞ্জে প্রায় ৫ টন পেঁয়াজ বীজ উৎপাদন, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা

পীরগঞ্জে প্রায় ৫ টন পেঁয়াজ বীজ উৎপাদন, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা ►

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেঁয়াজ বীজ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি মৌসুমে বীজ উৎপাদনের লক্ষ্যে ছয় হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবার উপজেলায় প্রায় পাঁচ টন পেঁয়াজ বীজ উৎপাদন হতে পারে, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকা। এতে পেঁয়াজ বীজ চাষ ঘিরে নতুন স্বপ্ন দেখছেন এলাকার কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, বাংলাদেশে পেঁয়াজ চাষে অন্যতম বড় বাধা হলো মানসম্মত বীজের দুষ্প্রাপ্যতা ও উচ্চমূল্য। অধিকাংশ সময় কৃষকদের বিদেশের ওপর নির্ভর করতে হয়। এ পরনির্ভরশীলতা কাটিয়ে উঠতে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ মৌসুমে শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়েছে সরকার।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৮০ জন কৃষককে সরাসরি সহায়তা প্রদান করা হয়েছে। প্রতি জন কৃষককে ২০ শতাংশ জমিতে চাষাবাদের জন্য প্রয়োজনীয় উন্নতমানের বীজ, সার ও অন্যান্য আনুষঙ্গিক কৃষি উপকরণ দেওয়া হয়। কৃষি বিভাগের নিয়মিত তদারকি আর আবহাওয়া অনুকূলে থাকায় এবার পেঁয়াজের আবাদ ভালো হয়েছে। বীজের ভালো ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।

উপজেলার বেগুনগাঁও গ্রামের চাষি তাইবুর রহমান জানান, পেঁয়াজ বীজের আবাদ এবার প্রথম করেছেন। বীজ, সার ও অন্যন্য উপকরণ ফ্রি পেয়েছেন। শুরুতে ভেবেছিলেন কি যে হবে। কিন্তু এখন দেখছেন খুব ভালো মুকুল এসেছে। আশা করছেন ভালো ফলন হবে। একই রকম কথা জানালেন ভেলাতৈড় গ্রামের আলী হোসেন ও বথপালিগাঁওয়ের জাহেরুল ইসলাম।

হাসান আলী নামের এক চাষি বলেন, ‘নিজের কোনো খরচ নেই। ফ্রি সার-বীজে আবাদ করেছি। ভালো ফলন পাব এবং লাভবানও হব বলে আশা করছি।’ কৃষি বিভাগ জানিয়েছে, এবার যে পরিমাণ জমিতে শীতকালীন পেঁয়াজ বীজের জন্য আবাদ করা হয়েছে এতে প্রায় পাঁচ টন বীজ উৎপাদন হবে, যার বাজার মূল্য এক কোটি ১০ লাখ টাকা। এতে বদলে যেতে পারে এ অঞ্চলের কৃষি অর্থনীতির সমীকরণ।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান, স্থানীয়ভাবে পেঁয়াজের বীজ উৎপাদন বাড়লে কৃষকদের উৎপাদন খরচ অনেক কমে আসবে। এতে তাঁরা কেবল নিজেরা স্বাবলম্বী হবেন না, বরং স্থানীয় বাজারে বীজের জোগান নিশ্চিত করে অন্য কৃষকদেরও সহায়তা করতে পারবেন। ভালো ফলনের আশা করা হচ্ছে এতে কৃষক আর্থিকভাবে লাভবান হবেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad