
দিনাজপুর প্রতিনিধি ►
প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উত্তরের ৮ জেলায় পুনরায় জ্বালানি তেল সরবরাহ শুরু করেছেন শ্রমিকরা।
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেল হাজতে পাঠানো তিন শ্রমিককে মুক্তি দেওয়া এবং নীলফামারীর এনডিসি নিয়াজ ভুইয়াকে অপসারণের বিষয়ে প্রশাসন আশ্বাস দিয়েছে। তিনি বলেন, “প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসের ভিত্তিতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আমরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে বিকেলে পার্বতীপুরে শ্রমিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু এবং ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস। বৈঠকে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয় এবং সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উল্লেখ্য, নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এই কর্মবিরতি শুরু হয়েছিল। কর্মবিরতির ফলে উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।