
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলায় তিনদিন ধরে জ্বালানি তেল না পেয়ে ক্ষোভে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল চালক সড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তারা গাইবান্ধা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় রহমান অ্যান্ড পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ইঞ্জিন নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল দিচ্ছে না। এ কারণে তারা সোমবার (৩০ মার্চ) রাত থেকেই পাম্পের সামনে অবস্থান নেন। পরে কোনো সমাধান না পেয়ে তারা বাধ্য হয়ে মঙ্গলবার সকালে সড়ক অবরোধ করেন।
এদিকে দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ব্যাপক পরিমাণ জ্বালানি উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেয়ার তথ্য জানিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সারাদেশে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।