
নিজস্ব প্রতিবেদক ►
‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যের আলোকে আগামী ১১ ও ১২ এপ্রিল গাইবান্ধায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা) এবং ১০তম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। গতকাল সোমবার বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা সদর উপজেলা হলরুম (তিস্তা)য় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ লাইলাতুল হোসেন।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ওই সভার আয়োজন করে। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদের সবুজ, সদর থানার ওসি, সদর উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
সভায় আগামী ১১ ও ১২ এপ্রিল গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা) এবং ১০তম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।