
নিজস্ব প্রতিবেদক ►
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। সকালে গাইবান্ধা সদর হাসপাতালের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডা. মোঃ রফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম , সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ নাজমুল হুদা এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন এবং অপুষ্টি প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তী। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া এসকেএস ফাউন্ডেশন, গাইবান্ধার পিপিইপিপি-ইইউ প্রকল্প থেকে টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মবিলাইজেশন) নজরুল ইসলাম এবং এটিও নিউট্রিশন মিজানুর রহমানসহ অন্যান্য প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।