Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৪১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়ি উপজেলায় রেগুলেটর নির্মাণের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ফুলছড়ি উপজেলায় রেগুলেটর নির্মাণের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে রেগুলেটর নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে উপজেলার কালিরবাজার বটতলায় উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তারা ফুলছড়ি উপজেলার ওয়াপদা বাঁধের রতনপুর এলাকায় দ্রুত রেগুলেটর নির্মাণ এবং উদাখালি ও কাঠুর খাল সংস্কারের দাবি জানান। উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির আহ্বায়ক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ফুলছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রানু সরকার, আব্দুল্লাহ সরকার, সাদেকুর রহমান, ইউনুস আলী, উত্তম বর্মন সহ স্থানীয় নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের মাধ্যমে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে রেবতী বর্মন অভিযোগ করেন, ২০২৪ সাল থেকে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপি দেওয়া হলেও এখনো রেগুলেটর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে না বলে তিনি দাবি করেন।

বক্তারা বলেন, ওয়াপদা বাঁধে রেগুলেটর না থাকায় উদাখালী, উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের বিল-ঝিলঘেরা প্রায় এক-তৃতীয়াংশ জমিতে কৃষকেরা আমন ধান চাষ করতে পারছেন না। এতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, পাশাপাশি সময়মতো ইরি-বোরো ধানের বীজতলা প্রস্তুত করাও সম্ভব হচ্ছে না। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাজার হাজার বিঘার বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে যায়।

তাঁদের দাবি, রেগুলেটর না থাকায় যমুনা নদীকেন্দ্রিক সম্ভাব্য অর্থনৈতিক সুবিধা থেকেও স্থানীয় মানুষ বঞ্চিত হচ্ছেন। দাবি পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad