
নিজস্ব প্রতিবেদক ►
নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে গাইবান্ধায় একটি অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ব্র্যাক-এর জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আয়োজনে জেলা শহরের ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়।
ডায়ালগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লোকমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সুজন মিয়া। এতে সভাপতিত্ব করেন ব্র্যাক গাইবান্ধার জেলা কো-অর্ডিনেটর মোঃ মোশারফ হোসেন এবং সঞ্চালনা করেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।
পরে অংশগ্রহণকারীরা নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সেবামূলক কার্যক্রম, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয় তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে. এম. রেজাউল হক, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোছাঃ লাইলী বেগম, আঞ্চলিক ব্যবস্থাপক (হিসাব) মোঃ কামরুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশন-এর মোঃ আশরাফুল ইসলাম, জিইউকে-এর মোঃ আফতাব হোসেন, এমকেএসএস-এর কামরুজ্জামান, এমএমএস-এর মাহমুদুন্নবী, অবলম্বন-এর প্রবীর চক্রবর্তীসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন কর্মসূচির প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা।
ডায়ালগের শেষে বক্তারা একটি বৈষম্যমুক্ত, সহিংসতামুক্ত ও স্বাবলম্বী সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।