
অনলাইন ডেস্ক ►
ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বিতর্কিত হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ পাহারার বিশেষ কার্যক্রম প্রজেক্ট ফ্রিডম স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির বিষয়ে ব্যাপক অগ্রগতি হওয়ায় তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রজেক্ট ফ্রিডম-এর মাধ্যমে হরমুজ প্রণালীতে আটকে পড়া তেলবাহী ট্যাংকারগুলোকে সামরিক পাহারায় বের করে আনার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেলের সরবরাহ এই রুটটি দিয়ে সম্পন্ন হয়। সংঘাতের কারণে এই প্রণালীটি কার্যত বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল।
ট্রাম্প তাঁর বার্তায় উল্লেখ করেন, ইরানের ওপর অবরোধ পূর্ণমাত্রায় জারি থাকলেও একটি স্থায়ী চুক্তির স্বার্থে আপাতত জাহাজ পাহারার কার্যক্রম স্থগিত থাকবে। এর আগে ট্রাম্প ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিলেও বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, দুই পক্ষই সংঘাত এড়িয়ে আলোচনার পথে হাঁটার চেষ্টা করছে। যদিও তেহরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।