Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৪৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়ির বুড়াইল মডেল স্কুলে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ফুলছড়ির বুড়াইল মডেল স্কুলে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ফুলছড়ি প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের চোখের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে স্কুলভিত্তিক চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে এসকেএস ফাউন্ডেশনের পিএবি প্রকল্প। জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা আন্ধেরী হিলফের অর্থায়নে পরিচালিত এ ক্যাম্পে শিক্ষার্থীদের চোখের প্রাথমিক পরীক্ষা করেন এসকেএস আই হাসপাতালের চক্ষু বিভাগের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান। এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক বিকাশে চোখের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় ইতিবাচক প্রভাব ফেলে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করে।

এসকেএস ফাউন্ডেশনের হেড অব এসকেএস এন্টারপ্রাইজ আবু সাঈদ সুমন বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এসকেএস ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ছানি রোগে আক্রান্ত হয়ে অনেকেই দীর্ঘদিন কষ্ট ভোগ করেন। তাদের কথা বিবেচনা করে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই, আর্থিক সংকটের কারণে কেউ যেন দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধকারে জীবনযাপন না করেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি

এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলাম, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক আকন্দ, এসকেএস আই হাসপাতালের ম্যানেজার মোশফিকুর রহমান, এসকেএস সিআরইএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুন, সুলতানা বাহারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ, ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয় ও শাপলা কিন্ডারগার্টেনের প্রায় ৪০০ জন শিক্ষার্থী চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করে। এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের চোখের বিভিন্ন সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় আই ড্রপ ও ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া যেসব শিক্ষার্থীর দৃষ্টিশক্তিজনিত সমস্যা পাওয়া যায়, তাদের রিফ্রাকশনিস্টের মাধ্যমে পাওয়ার নির্ধারণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা দেওয়া হয়। জটিল বা গুরুতর চোখের সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য চক্ষু বিশেষজ্ঞ ও আই হাসপাতালে রেফার করা হয়। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও ব্যবস্থাপত্রও দেওয়া হয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলে। অনেক অভিভাবক বলেন, স্কুল পর্যায়ে এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী এবং সময়োপযোগী উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad