
অনলাইন ডেস্ক ►
ওমানের মোলাদ্দা এলাকায় গাড়ির ভেতর থেকে চার বাংলাদেশি সহোদরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (১৩ মে) রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত চার ভাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা। নিহতরা হলেন- মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা সবাই ওমানে কর্মরত ছিলেন এবং তাদের বাবার নাম আব্দুল মজিদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত চার ভাইয়ের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে তাদের বাংলাদেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার শেষ মুহূর্তের কেনাকাটা সেরে কর্মস্থলে ফেরার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন। ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়িটি চালু অবস্থায় থাকায় এর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে নির্গত কোনো বিষাক্ত গ্যাসের কারণে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
একই পরিবারের চার সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এই ঘটনায় ওমানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির মাঝেও শোকের পরিবেশ বিরাজ করছে।