Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (আনসার-ভিডিপি) একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং মানবিক সামাজিক বাহিনী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা এবং দেশপ্রেমের মাধ্যমে এই বাহিনী ভবিষ্যতে দেশের সেবায় আরও অগ্রণী ভূমিকা পালন করবে। আজ (২০ মে) বুধবার গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাহিনীর সকল পর্যায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতীয় সমাবেশ একটি সুশৃঙ্খল বাহিনীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা আনসার-ভিডিপি সদস্যদের ত্যাগ ও সাহসিকতা প্রশংসনীয়। মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে এই বাহিনীর সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ৬৭০ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আরও উল্লেখ করেন যে, স্বাধীনতার পর দেশের আইনশৃঙ্খলা রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনসার ও ভিডিপিকে শক্তিশালী ও কার্যকর কাঠামোয় রূপান্তর করেছিলেন। পরবর্তীতে ১৯৯৫ সালে বেগম খালেদা জিয়ার শাসনামলে আনসার-ভিডিপি আইন প্রণয়নের মাধ্যমে এটি একটি স্বতন্ত্র সুশৃঙ্খল বাহিনীর মর্যাদা লাভ করে।

প্রধানমন্ত্রী ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের ক্রান্তিলগ্নে আনসার সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, যেকোনো বাহিনীর মূল শক্তি হলো চেইন অব কমান্ড এবং শৃঙ্খলা। এই নীতি বজায় রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় জনমনে আস্থার সংকট তৈরি হতে পারে।

বর্তমানে ৪৭টি আনসার ব্যাটালিয়নের মধ্যে ১৬টি পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত রয়েছে এবং ৫২ হাজার অঙ্গীভূত আনসার সদস্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পকারখানার নিরাপত্তায় নিয়োজিত। এছাড়া ১৩ হাজারের বেশি হিল আনসার সদস্য পার্বত্য অঞ্চলে সম্প্রীতি রক্ষায় কাজ করছেন। প্রধানমন্ত্রী জানান, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল এবং নারী নির্যাতন রোধে মাঠপর্যায়ে ভিডিপি সদস্যরা সক্রিয় ভূমিকা রাখছেন।

প্রধানমন্ত্রী জানান, আনসার ব্যাটালিয়ন বিধিমালা এবং সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা-২০২৬ এর খসড়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সদরদপ্তরে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় এই বাহিনীকে ফার্স্ট রেসপন্ডার হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, বন্যা ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের মানবিকতা সবসময় প্রশংসিত হয়েছে। ক্রীড়া ক্ষেত্রেও এই বাহিনীর ধারাবাহিক সাফল্যের কথা তিনি গর্বের সাথে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad