Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

জঙ্গল সলিমপুরে হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি: সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা

জঙ্গল সলিমপুরে হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি: সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা

অনলাইন ডেস্ক ►
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মতো দুঃসাহস কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধীদের দমনে সরকার অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে দেশে আইনের শাসনের অভাব ছিল, যার ফলে জঙ্গল সলিমপুরের মতো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ থেকে মাদক, দুর্নীতি ও সন্ত্রাসবাদ নির্মূল করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যেখানেই পুলিশের ওপর হামলা হবে, সেখানেই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আসন্ন ঈদুল আজহা নিয়ে মন্ত্রী জানান, এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি নেই। মহাসড়ক ও পশুর হাটগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখছে পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেল। জাল নোট শনাক্ত করতে হাটে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পশুর বর্জ্য দ্রুত অপসারণে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসচেতনতার কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে যাত্রী ও চালকদের আরও সাবধান হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া টোল প্লাজাগুলোতে ডিজিটাল পদ্ধতি চালুর মাধ্যমে যানজট কমানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়ার কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের লোকনাথ উৎসব ও মাদারীপুরের কুম্ভ মেলার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মন্ত্রী।

উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে জঙ্গল সলিমপুরের আলীনগরে কয়েকশ সন্ত্রাসী যৌথ বাহিনীর ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা নির্মাণাধীন ক্যাম্প ক্ষতিগ্রস্ত করে এবং সেখানে থাকা লোকজনকে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী ১০৫ রাউন্ড গুলি ছুড়ে আত্মরক্ষা করে। এই ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও সোমবার ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad