Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

শিক্ষা সুরক্ষা প্রকল্পের মতবিনিময় সভা

শিক্ষা সুরক্ষা প্রকল্পের মতবিনিময় সভা

ফুলছড়ি প্রতিনিধি►
গাইবান্ধার ফুলছড়িতে গ্রামীণ এলাকার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষা কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা সুরক্ষা প্রকল্পের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ফুলছড়ি উপজেলা পরিষদ হলরুমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় ছিন্নমূল মহিলা সমিতি (এসএমএস) ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আক্তার বানু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী মণ্ডল, ছিন্নমূল মহিলা সমিতির উপ-পরিচালক এবিএম মাছুদুন্নবী প্রামাণিক লিপন, গণসাক্ষরতা অভিযানের প্রকল্প সমন্বয়কারী খন্দকার ফয়সাল হোসেন এবং শিক্ষা সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আহসান উল করিম।

এছাড়া বক্তব্য দেন, ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন, জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া, গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবর রহমানসহ অন্যান্যরা। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, শিক্ষার উন্নয়নে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, স্থানীয় জনগোষ্ঠী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং অভিভাবকদের সচেতনতা তৈরিতে কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, গ্রামীণ অঞ্চলে টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষা সুরক্ষা প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে ইতিবাচক পরিবর্তন আসবে। সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন এবং প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad