
নিজস্ব প্রতিবেদক ►
সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ, জানিয়ে খুনিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ১১টায় গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা সভাপতি মো. ইউসুফ খান কারযাভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা নিহত সাইফুল্লাহ বারীর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা পৌর আমির অধ্যাপক একেএম ফেরদৌস আলম, ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান, জেলা সেক্রেটারি মো. ফাহিম মণ্ডল এবং গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে পৌর পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।