
নিজস্ব প্রতিবেদক ►
বাসদ (মার্কসবাদী)র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয় পাবলিক লাইব্রেরির হল রুমে। অনুষ্ঠিত স্মরণসভায় বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড আহসানুল আরেফিন তিতু, নির্বাহী ফোরামের সদস্য কমরেড নিলুফার ইয়াসমিন শিল্পী, কৃষক-শ্রমিক জনতালীগের সভাপতি এ্যাড মোস্তফা মনিরুজ্জামান, সংগঠনের জেলা কমিটির সদস্য কমরেড গোলাম ছাদেক লেবু, কমরেড পরমানন্দ দাস, রাহেলা সিদ্দিকা প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, আজীবন বিপ্লবী কমরেড মুবিনুল হায়দার চৌধুরী মার্কসবাদ-লেনিনবাদ-কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারাকে বাংলাদেশের মাটিতে প্রয়োগ করে বাম রাজনীতির একটি ভিন্ন ধারা তৈরি করেছেন। সত্যিকারের বিপ্লবী পার্টি বাসদ (মার্কসবাদী) গড়ে তোলার পথে তিনি শত শত বিপ্লবী কর্মী গড়ে তুলেছেন। নিজে আজীবন উন্নত বিপ্লবী চরিত্রের সাধনা করেছেন এবং কমরডদের গড়ে তোলার জন্য এই চরিত্রের দিকেই তিনি সর্বোচ্চ মনযোগ দিয়েছেন। তিনি বলতেন, বড় বড় সভা, সমাবেশ করার চাইতে একটা বিপ্লবী চরিত্র গড়ে তোলা বেশি জরুরী। এই চরিত্র থাকলে শূন্য হাতেও পার্টি গড়ে তোলা যায়।
নেতৃবৃন্দ আরো বলেন, কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর জীবন সংগ্রাম সারাদেশে যুবক, তরুণদের মাঝে ছড়িয়ে দেয়া, তার শিক্ষা নিয়ে আগামীদিনে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার আহ্বান জানান। সভা শুরুর প্রাক্কালে প্রিয় নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাসদ (মার্কসবাদী) নির্বাহী ফোরামের সদস্য কমরেড আহসানুল আরেফিন তিতু ও জেলা নেতৃবৃন্দ। এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও শ্রদ্ধা জানান।