
রংপুর প্রতিনিধি ►
প্রিপেইড মিটার স্থাপন বেআইনী মর্মে ঘোষণামুলক ডিক্রি কামনায় আদালতে নেসকো কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী গ্রাহকগণ। গতকাল বিকেলে মামলা ফাইলিং শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে বাদীপক্ষে নিযুক্ত আইনজীবী পলাশ কান্তি নাগ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এর আগে রংপুরের সিনিয়র সহকারী জজ আদালতে ভুক্তভোগী গ্রাহক আব্দুল জব্বার সরকারসহ ১৫ জন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় নেসকো রংপুর জোনের প্রধান প্রকৌশলী ( অপারেশন) মোঃ আশরাফুল ইসলাম মন্ডলসহ ৬ জন আসামী করা হয়েছে। পরে বিচারক আবু বক্কর সিদ্দিকের আদালতে আগামী ২৭ জুলাই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়।
মামলা সুত্রে জানা যায়, নেসকো রংপুর জোন কর্তৃক নগরীর বাসা-বাড়ী,বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রবল আপত্তি স্বত্তেও জবরদস্তিমুলক কায়দায় বিদ্যুৎ এর পোস্ট পেইড মিটার অপসারণ করে বাধ্যতামূলকভাবে প্রিপেইড মিটার স্থাপন করা হয়। দুর্নীতিগ্রস্থ,গ্রাহক শোষণ ও হয়রানির প্রিপেইড মিটার প্রতিস্থাপনের যাবতীয় কার্যক্রম বেআইনী ও অবৈধ মর্মে ঘোষণামুলক ডিক্রি কামনায় ভুক্তভোগী গ্রাহকরা এ মামলা করেন। ভুক্তভোগিরা বলেন, আদালত মানুষের শেষ আশা-ভরসাস্থল। আশাকরি বিজ্ঞ আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হবে।