Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

‘শ্রাবণের মেঘগুলো’ গান নিয়ে বিতর্ক: শিক্ষিকার রিল নিয়ে মুখ খুললেন গায়ক

‘শ্রাবণের মেঘগুলো’ গান নিয়ে বিতর্ক: শিক্ষিকার রিল নিয়ে মুখ খুললেন গায়ক

অনলাইন ডেস্ক ►
সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিল ভিডিওকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে শুরু হওয়া বিতর্কের মধ্যে মুখ খুলেছেন জনপ্রিয় বর্ষার গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ এর শিল্পী ও ডিফারেন্ট টাচ ব্যান্ডের প্রধান ভোকাল মেজবাহ রহমান। তার মতে, ভিডিওটিতে নেতিবাচক কিছু নেই; বরং বিষয়টি নমনীয়ভাবে দেখা উচিত এবং এ কারণে শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সমীচীন হবে না।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেজবাহ রহমান বলেন, ‘এই গানটা আমরা সব সময়ই গাই। এটা চিরন্তন বৃষ্টির গান, বর্ষার গান, প্রকৃতির গান। ১৯৮৯ সালে গানটি তৈরি করি, ১৯৯০ সালে প্রকাশ করি। ৩৬ বছর পরও এর আবেদন একটুও কমেনি। সাম্প্রতিক সময়ে এটি সামাজিক মাধ্যমে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটাও এক ধরনের ভিন্ন অনুভূতি।’

সম্প্রতি ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষিকা বিউটি পাল এই গান ব্যবহার করে একটি রিল ভিডিও প্রকাশ করলে সেটি সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমেও বিষয়টি গুরুত্ব পায়। পরে তার সহকর্মী এবং দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক একই গান ব্যবহার করে রিল তৈরি করে তার প্রতি সংহতি প্রকাশ করেন।

বিউটি পালের প্রসঙ্গে শিল্পী বলেন, ‘আমরা সব সময়ই বাবা-মায়ের পরে শিক্ষকদের স্থান দিই। শিক্ষকদের অবশ্যই কিছু বিষয় শিক্ষার্থীদের জন্য মেনে চলতে হয়। তবে এই রিল ভিডিও নিয়ে যেটা করা হচ্ছে, সেটা মোটেও কাম্য নয়। আমার কাছে এতে নেতিবাচক কিছু মনে হয়নি। এখানে একটি শ্রেণি কী অনৈতিক বিষয় খুঁজে পেল, আমি বুঝতে পারছি না।’

সামাজিকমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘সামাজিকমাধ্যমকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। প্রয়োজনেই সবাই এর দ্বারস্থ হয়। তাই একটি দিক দেখে কাউকে দোষারোপ করা ঠিক নয়। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে পুরো ঘটনাকে কঠোরভাবে না দেখে সহনশীল দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানিয়েছেন মেজবাহ রহমান। তিনি বলেন, ‘এটা নিয়ে ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে সেটি ঠিক হবে না। আমার মনে হয়, বিষয়টি নমনীয়ভাবে দেখা উচিত। কারণ এটি কোনো নেতিবাচক ভিডিও ছিল না।’

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad