
বগুড়া প্রতিনিধি ►
বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় করতোয়া নদীর তীরের দুর্গম জঙ্গলে তাঁবু টাঙিয়ে গড়ে তোলা একটি আস্তানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, মাদক এবং ইলেকট্রিক শকার মেশিনসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-বগুড়া সদরের মহিষবাথান এলাকার রকি (৩০), উপশহর স্নিগ্ধা আবাসিক এলাকার রাকিব (২৮) এবং দশম শ্রেণির এক শিক্ষার্থী (১৬)। আইনগত কারণে অপ্রাপ্তবয়স্ক ওই শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়নি। ডিবি সূত্রে জানা যায়, আটকদের মধ্যে রকির বিরুদ্ধে একাধিক এবং রাকিবের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও দ্রুত বিচার আইনসহ অন্তত ৭টি মামলা রয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে টিএমএসএস পেপার মিলের পেছনের নির্জন এলাকায় চক্রটি তাদের আস্তানা গড়ে তুলেছিল। এই আস্তানায় বসে তারা মাদক ব্যবসা, অপহরণ, মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় এবং ইলেকট্রিক শকার ব্যবহারের মাধ্যমে নির্যাতনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য দুইজন সদস্য নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
অভিযান পরিচালনাকারী দল তাদের আস্তানা থেকে একটি বিদেশি রিভলভার, তিনটি চাইনিজ কুড়াল, দুটি বড় ছোরা, একটি বার্মিজ চাকু, একটি ইলেকট্রিক শকার মেশিন, লোহার পাইপ এবং বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার করেছে। পাশাপাশি নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ৩৫ হাজার ভোল্টের ইলেকট্রিক শকার মেশিনটি মানুষকে ভয় দেখাতে ও নির্যাতন করতে ব্যবহার করা হতো। বগুড়াকে অপরাধমুক্ত রাখতে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলছে এবং আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।