
অনলাইন ডেস্ক ►
বুকে রক্তাক্ত জখম অবস্থায় ছোটাছুটি করছিল এক হনুমান। সংবাদকর্মী আব্দুর রহমান হনুমানের কাছে এগিয়ে গেলেই কাঁধে উঠে বসে। তার আকুতি দেখে স্থানীয় মেডিক্যালে নিয়ে যান তিনি। প্রাথমিক চিকিৎসার পর হনুমানটি নিজেই ফিরে যায়। আজ সোমবার যশোরের কেশবপুর ত্রিমোহিনী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুকে রক্তাক্ত জখম অবস্থায় হনুমানটি শহরের ত্রিমোহিনী মোড়ে এসে মানুষের সহযোগিতা পাওয়ার জন্য ছোটাছুটি করছিল।
এ সময় স্থানীয় সংবাদকর্মী আব্দুর রহমান হনুমানটির কাছে এগিয়ে গেলেই তার কাঁধে উঠে বসে। তখন ওই সংবাদকর্মী হনুমানটিকে কাঁধে করে হেঁটে পাশের আলফা মেডিক্যাল ফার্মেসিতে নিয়ে যান। হনুমানটির আকুতি দেখে দ্রুত ফার্মেসির কর্মচারীরা চিকিৎসা দেওয়ার কার্যক্রম শুরু করেন। সংবাদকর্মী আব্দুর রহমান বলেন, হনুমানটির কাছে যাওয়া মাত্রই কাঁধে উঠে বারবার মাথা এবং শরীরে হাত বোলাতে থাকে।
তার এমন আকুতিতে বিলম্ব না করে দ্রুত আলফা মেডিক্যাল ফার্মেসিতে নিয়ে যাই। সেখানে কাঁধ থেকে নেমে হনুমানটি টেবিলের ওপরে বসে যায়। তখন ফার্মেসির মালিক আনোয়ার হোসেনসহ কর্মচারীরা হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করেন। তিনি আরো জানান, জীবনে এমন একটি মুহূর্ত আসবে, তা জানা ছিল না। কাঁধে করে হনুমানটিকে চিকিৎসা করাতে পেরে মনটা খুবই ভালো হয়ে গেল।
এ ব্যাপারে আলফা মেডিক্যাল ফার্মেসির ডাক্তার আনোয়ার হোসেন বলেন, হনুমানটির ক্ষত স্থানে ভায়োডিন ও লেবালন পাউডার লাগানোর পর স্বস্তিবোধ করতে থাকে। পরে সুস্থ বোধ করায় হনুমানটি তাদের দলে ফিরে যায়। তবে হনুমানটি কিভাবে আহত হয়, তা কেউ বলতে পারেননি।